জিয়াউল হক, বাকেরগঞ্জ।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের পাঁচটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র আফালকাঠি সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিনে দেখা যায়, নলুয়া ইউনিয়নের উত্তর নলুয়া খেয়াঘাট হয়ে প্রায় ৫ কিলোমিটার সড়কটি আফালকাঠি বাজারের সাথে সংযোগ হয়েছে। এই সড়কটি দিয়ে আফালকাঠি, নবায়নখালী, মাচুয়াখালী, চর গজালিয়া ও নলুয়া পাঁচ গ্রামের হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ, ইউনিয়ন পরিষদ কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন। সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ইট সোলিং উঠে গিয়ে কাঁচামাটির রাস্তায় পরিণত হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ভরে থাকায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই সড়কে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক সময় জরুরি রোগী পরিবহন করতেও চরম ভোগান্তির শিকার হতে হয়।দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আফালকাঠি গ্রামের ভুক্তভোগী সোহেল বলেন, এই রাস্তায় চলাচল করা খুবই কষ্টকর। প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। দ্রুত সংস্কার না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সড়কটি সংস্কারের কার্যকর উদ্যোগ গ্রহণ করে।
এ বিষয়ে উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: হাসনাইন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তাদের নজরে রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।